হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি তেহরানের

আইআরজিসির সতর্কবার্তা- প্রণালি দিয়ে কোনো জাহাজ পার হলে ‘আক্রমণ’; বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা।

টুইট ডেস্ক: হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সরাসরি হামলা চালানো হবে।

মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসির শীর্ষ উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, হরমুজ প্রণালি এখন ‘বন্ধ’ এবং কেউ তা অমান্য করলে ইরানের নৌবাহিনী ও আইআরজিসি জাহাজে আগুন ধরিয়ে দেবে বা আক্রমণ করবে।

বিশ্বের দৈনিক মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে হয়। ফলে এটি কার্যত বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি ও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালি ব্যবহার করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি হয়। চলমান উত্তেজনার কারণে প্রণালির পাশের দেশ ওমান হয়ে ওমান উপসাগরীয় পথেও পরিবহন ঝুঁকি তৈরি হয়েছে বলে জানা গেছে।