বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

উজানী পাড়ায় পুড়ল ৬ বসতঘর ও ২ দোকান, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন।
টুইট ডেস্ক: বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি বসতঘর ও ২টি দোকান পুড়ে গেছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই কয়েকটি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় পাশ্ববর্তী ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের মূল্যবান মালামাল আগুনে নষ্ট হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে এবং যেকোনো দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।






