তারাবির নামাজে গিয়ে নিখোঁজ: ধানক্ষেতে মিলল শিশুর লাশ

তারাবির নামাজে বের হয়ে আর ফেরেনি ১১ বছরের আদিব, হত্যার অভিযোগ পরিবারের!

মুরাদুল ইসলাম স‌নেট: রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের এক রাত পর ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম আদিব আহনাফ।

সে বিল ধরমপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার বিল ধরমপুর এলাকার একটি ধানক্ষেতে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তারাবির নামাজে গিয়ে নিখোঁজ

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন আজ ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরিকল্পিত হত্যার অভিযোগ

নিহতের মামা মোকছেদ আলী অভিযোগ করে বলেন,“এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাগ্নেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চাই।”

পুলিশের বক্তব্য

কর্ণহার থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।