বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টসহ ৮ স্থাপনা পুড়ে ছাই

সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে পরিবারগুলো, শর্ট সার্কিটের প্রাথমিক ধারণা।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবান শহরের মধ্য্যম পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রেস্টুরেন্ট ও জুস বারসহ অন্তত ৮টি স্থাপনা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার সোমবার (২ মার্চ) ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে হঠাৎ একটি ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী চিৎকার শুরু করলে সবাই ঘর থেকে বের হয়ে আসে। তবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অধিকাংশ পরিবার ঘরের কোনো মালামাল উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট/জুস বারসহ ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনের কারণ
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে মোটরসাইকেল, ফ্রিজ, ল্যাপটপ, আসবাবপত্র, নগদ অর্থসহ দৈনন্দিন ব্যবহারের প্রায় সবকিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, “আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই বের করতে পারিনি। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেছে।”
স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ঘর কাঠ ও টিন দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।






