ইরানে উত্তেজনায় অস্থির বৈশ্বিক তেলের বাজার

টুইট ডেস্ক: ইরানে যুদ্ধের জেরে চরম অস্থিতিশীলতায় বিশ্বের তেলের বাজার। রোববার (১ মার্চ) অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে প্রায় ১০ শতাংশ। এতে ব্যারেলপ্রতি তেলের দাম বেড়ে পৌঁছায় প্রায় ৮০ ডলারে। এশিয়ার বাজারে ব্রেন্ট তেলের দাম এখন ব্যারেল প্রতি ৮২ ডলার।

শেয়ারবাজারেও তেলের দামের উপর প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের বড় শেয়ার সূচকগুলো প্রায় ১ শতাংশ কমেছে। আর স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৬ শতাংশ।

বিশেষজ্ঞদের শঙ্কা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আরও বাড়তে পারে তেলের দাম। এমনকি পৌঁছাতে পারে ব্যারেলপ্রতি ১০০ ডলারে।

মূলত, ইরানের পাল্টা হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনেকটাই থেমে গেছে। আর এ পথ দিয়েই হয় বিশ্বের ২০ শতাংশ তেলের বাণিজ্য। এতে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে তেলের বাজারে পড়ছে এর প্রভাব।