কোন কৌশলে এবার এগোবে ইরান?

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ মোকাবিলায় পাল্টা কৌশল হিসেবে বৈশ্বিক স্বার্থে আঘাত হানার ইঙ্গিত বিশ্লেষকদের
টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক চাপের মুখে ইরান এবার কোন কৌশলে এগোবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, সরাসরি আত্মসমর্পণের বদলে পাল্টা চাপ তৈরির পথেই হাঁটতে পারে তেহরান।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পারসি মনে করেন, ইরানকে দুর্বল করতে দেশটির শীর্ষ নেতৃত্বকে একের পর এক লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে তিনি এটিকে বড় ধরনের ‘ভুল হিসাব’ বলে উল্লেখ করেছেন।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পারসি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করে ইরানকে ভয় দেখানো সম্ভব হবে। কিন্তু বাস্তবে ইরানের ধর্মতান্ত্রিক সরকার যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়।
তার মতে, ইরান বিশ্বাস করে যুদ্ধ মোকাবিলা করে টিকে থাকা সম্ভব হলেও আত্মসমর্পণ করলে রাষ্ট্রব্যবস্থার অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তাই শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই ইরানকে নতি স্বীকার করানো যাবে না।
পারসি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন করতে গেলে পুরো রাষ্ট্রকাঠামোকেই ভেঙে দিতে হতে পারে যা কত সময় নেবে বা আদৌ সম্ভব কি না, তা স্পষ্ট নয়।
বিশ্লেষকদের ধারণা, এই পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য কৌশল হতে পারে যুক্তরাষ্ট্র, মার্কিন সেনা উপস্থিতি, বৈশ্বিক অর্থনীতি, আঞ্চলিক মিত্র রাষ্ট্র এবং আন্তর্জাতিক বাজারে চাপ সৃষ্টি করা। এর মাধ্যমে সংঘাতকে প্রতিপক্ষের জন্য ব্যয়বহুল করে তুলতে চাইতে পারে তেহরান।






