৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার প্রভাবে আকাশসীমা বন্ধ; ঢাকার শাহজালাল বিমানবন্দরে সূচি ভেঙে পড়ায় অনিশ্চয়তায় যাত্রীরা

টুইট ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্টি হয়েছে অস্থির পরিস্থিতি। নিরাপত্তাজনিত কারণে একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, কয়েকটি ফ্লাইটের সময় পরিবর্তনের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে অধিকাংশ যাত্রাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ফলে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, ফ্লাইট সংক্রান্ত সঠিক তথ্য সময়মতো পাওয়া যাচ্ছে না।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্স মোট ৭৪টি ফ্লাইট বাতিল করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শনিবার ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট রয়েছে।

১ মার্চ রোববার সবচেয়ে বেশি, মোট ৪০টি ফ্লাইট বাতিল করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের পাশাপাশি দেশীয় ফ্লাইটও এতে অন্তর্ভুক্ত ছিল।

এদিকে সোমবার (২ মার্চ) আগাম ঘোষণা অনুযায়ী আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

যাত্রীদের ভোগান্তি কমাতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।