চট্টগ্রাম সমিতি সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব

সিলেটে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলনমেলা, ঐক্য ও ভ্রাতৃত্বের আহ্বান

শহিদুল ইসলাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম সমিতি সিলেট–এর উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) সিলেটের সোবহানীঘাটস্থ হেরিটেজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন কামাল। ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক মো. সাইফুউদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মো. শামশুউদ্দীন সার্বিক তত্ত্বাবধান করেন।

ছবি: নিজস্ব

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। এছাড়া ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকারসহ সমিতির নেতৃবৃন্দ, সিলেটে অবস্থানরত চট্টগ্রামবাসী ও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনা করেন খাদিমনগর বিসিক শিল্পনগরীর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তাক কামাল কালীগঞ্জী এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি কয়েস লোদী বক্তব্যে বলেন, চট্টগ্রাম সমিতি সিলেটের এমন উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি চট্টগ্রামে কাটানো সময়ের কথা তুলে ধরেন। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সমর্থনের জন্য সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র পক্ষ থেকে চট্টগ্রাম সমিতির সদস্য ও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, সিলেটে বসবাসরত চট্টগ্রামবাসীর পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ।

সমিতির নেতৃবৃন্দ বলেন, সিলেটে অবস্থানরত চট্টগ্রামবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সম্পর্ক জোরদার করতে হবে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমিতির সদস্যদের সর্বাঙ্গীণ কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সম্মিলিত দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।