রাজশাহীতে পাকিস্তানি পোশাকের নামে মিথ্যা প্রচারণা, শোরুমকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পাকিস্তানি পোশাকের নামে মিথ্যা প্রচারণা এবং প্রাইস ট্যাগে কাটাকাটির অভিযোগে একটি পোশাকের শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুর ১২টার দিকে নগরের সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’ শোরুমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় বারবার কাটাকাটি করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক মো. ইব্রাহীম। অভিযান শেষে তিনি জানান, শোরুমটিতে পাকিস্তানি পোশাক না থাকলেও এ বিষয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছিল। ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






