রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামিকে অ’পহরণ!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একটি হত্যা মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহ (২৭) নিখোঁজ হওয়ার ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। গত ২০ দিন ধরে তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবার চরম উদ্বেগে রয়েছে। স্বজনদের দাবি, মামলার বাদীপক্ষ বা অন্য কেউ তাঁকে অপহরণ করে থাকতে পারে।

মাসুম নগরের ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার বাসিন্দা। গত ৮ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দেওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবার জানায়, সেদিন হাজিরা শেষে তিনি গোদাগাড়ীর রাজাবাড়ী ভূমি অফিসে যাবেন বলে জানিয়েছিলেন। রাত পর্যন্ত বাসায় না ফেরায় তাঁর মা রাবেয়া বেগম মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি রাবেয়া বেগম নগরের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। তবে এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অভিযোগে উল্লেখ করা হয়, মাসুম বিল্লাহ পেশায় ছাত্র। ২০২২ সালের একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ওই মামলার ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। পরিবারের দাবি, মামলার বাদীপক্ষ এর আগে মাসুমকে বিভিন্ন সময় ভয়ভীতি ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল।

মাসুমের বোন জিয়াসমিন খাতুন বলেন, “মামলার বাদীপক্ষ আগেও হুমকি দিয়েছিল। আমরা স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করছিলাম। আলোচনা চলছিল। এর মধ্যেই হাজিরার দিন আমার ভাই নিখোঁজ হয়। এখনো তার কোনো খোঁজ নেই। আমরা খুব দুশ্চিন্তায় আছি। তার সন্ধান চাই।”

উল্লেখ্য, ২০২২ সালে গোদাগাড়ীর তেরোপাড়া গ্রামে ছাগল দিয়ে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামুন-অর-রশিদ নামে এক যুবক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় মাসুম বিল্লাহকে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, “অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এখনো মাসুম বিল্লাহর সন্ধান পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণের জন্য আবেদন করা হয়েছে। তথ্য পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।”