পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের কর্মপরিকল্পনা সমন্বয়ের নির্দেশ

জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন কার্যক্রমে সমন্বয় তাগিদ!

অসীম রায় (অশ্বিনী): সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে রাঙ্গামাটিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সভায় পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনসেবামূলক কার্যক্রম জোরদারকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা বাস্তবায়নে রাঙ্গামাটি জেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।