তিন পার্বত্য জেলা পরিষদে ভোট চায় পিসিএনপি

ছবি: নিজস্ব

আঞ্চলিক ও জেলা পরিষদে নির্বাচন, সেনাক্যাম্প পুনঃস্থাপন ও সীমান্ত সড়ক নির্মাণ দ্রুত বাস্তবায়নের আহ্বান

অসীম রায় (অশ্বিনী): পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠনসহ একাধিক দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

বান্দরবানে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং বান্দরবান জেলা পরিষদ, রাঙামাটি জেলা পরিষদ ও খাগড়াছড়ি জেলা পরিষদ দীর্ঘদিন ধরে অনির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে জবাবদিহির ঘাটতি তৈরি হয়েছে এবং দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ উঠেছে।

তিনি দাবি করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন নিশ্চিত করতে হবে। পাশাপাশি চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করতে হবে।

নিরাপত্তা ও অবকাঠামো নিয়ে দাবি

সংগঠনটি পাহাড়ে সশস্ত্র বিভিন্ন গ্রুপের তৎপরতায় চাঁদাবাজি, অপহরণ ও সহিংসতার ঘটনা বৃদ্ধির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করে। এ প্রেক্ষাপটে প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়।

একই সঙ্গে ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

আইন ও চুক্তি বাতিলের দাবি

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি এবং ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এসব আইন ও চুক্তি বাতিল করে সমতলের জেলার মতো সংবিধানের আলোকে পার্বত্য চট্টগ্রাম শাসনের দাবি জানান তারা।

এ ছাড়া ভূমি কমিশন আইন সংশোধন, সকল সম্প্রদায়ের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, বাজারফান্ড এলাকায় হাউজ লোন চালু রাখা এবং শিক্ষা, চাকরি ও নেতৃত্বের ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবিও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।