হঠাৎ জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর

গাইনোকোলজিক্যাল জটিলতায় রাজধানীর হাসপাতালে ভর্তি, চিকিৎসক ও দোয়ার সাহায্যে প্রাথমিক সংকট কাটিয়ে উঠেছেন
টুইট ডেস্ক: রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।
শুক্রবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তার স্বামী জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে ডা. মিতু শক অবস্থায় ছিলেন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা তৈরি হয়েছিল। চিকিৎসক ও রক্তদাতাদের সাহায্যে প্রাথমিক সংকট কাটানো সম্ভব হয়েছে।
অস্ত্রোপচারের পর কিছু নতুন শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে ফুসফুসের সংক্রমণ, সেপটিসেমিয়া, নিউট্রোফিলিয়া, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসি সহ অন্যান্য পরীক্ষার সূচক বেড়ে গেছে। নতুনভাবে উচ্চমাত্রার ডায়াবেটিস ধরা পড়ায় ইনসুলিন দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া স্যাচুরেশন কমে যাওয়ায় আপাতত কেবিনে কোনো দর্শনার্থীর প্রবেশ বন্ধ রয়েছে।
চিকিৎসকেরা বলছেন, সুস্থ হতে তাকে আরও চার থেকে পাঁচ দিনের প্রয়োজন হতে পারে। তার অসুস্থতায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডা. মিতুর স্বামী দেশবাসীর কাছে দোয়া ও পরিবারের প্রতি সহমর্মিতা কামনা করেছেন।






