ইরানের রেভোল্যুশনারি গার্ড খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো

আইআরজিসি দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর উত্তেজনা তীব্র
টুইট ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ফার্স নিউজের বরাতে জানানো হয়েছে, আইআরজিসি নেতা খামেনির মৃত্যুতে শোকাহত হলেও “যেসব নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদের হাতে তার শাহাদাৎ ঘটেছে, তারা ছাড় পাবে না। ইরান প্রতিশোধ নেবে এবং দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র নির্মূল করতে বদ্ধপরিকর।
গত ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। ১ মার্চ বাংলাদেশ সময় সকালে ইরানি সরকারও সরকারিভাবে খামেনির মৃত্যুর বিষয়টি স্বীকার করে।
৮৬ বছর বয়সী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সব গুরুত্বপূর্ণ বিভাগ সেনা, বিচার, গোয়েন্দা এর ওপর তার প্রভাব সর্বব্যাপী ছিল। মূলত তার নির্দেশনাতেই ইরান পরিচালিত হতো।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর ১৯৮৯ সালে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির নেতৃত্বে ইরান আজও মধ্যপ্রাচ্যে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক ক্ষমতা রাখে।
সূত্র: আলজাজিরা, ফার্স নিউজ





