শুরু হলো মহান স্বাধীনতার মাস মার্চ

মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার স্মৃতি, আত্মত্যাগ ও গৌরবগাথা স্মরণের মাস শুরু
টুইট ডেস্ক: শুরু হলো মহান স্বাধীনতার মাস মার্চ। এই মাস বাঙালি জাতিকে স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের দৃঢ় সংকল্প, দীর্ঘ সংগ্রাম এবং আত্মত্যাগের ইতিহাস। অধিকারবঞ্চিত বাঙালি নিজেদের অস্তিত্ব রক্ষায় লড়াইয়ে নেমে একাত্তরের মার্চেই স্বাধীনতার পথে অগ্রযাত্রা শুরু করে।
১৯৭১ সালের মার্চে সর্বস্তরের মানুষ জীবন বাজি রেখে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। লাখো শহীদ ও অসংখ্য মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত হয় লাল-সবুজের স্বাধীন পতাকা।
এই পতাকা শুধু একটি রাষ্ট্রের প্রতীক নয়; বরং এটি বাঙালির আত্মপরিচয়, সংগ্রাম ও মুক্তির ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। স্বাধীনতার সেই চেতনা আজও দেশের প্রতিটি অর্জন, প্রতিটি অধিকারের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়।
১৯৭০ সালের নির্বাচনে জনগণের নিরঙ্কুশ রায় উপেক্ষা করে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলে বাঙালির ক্ষোভ বিস্ফোরিত হয়। ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির নেতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাঙালিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করে।
পরবর্তীতে ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নির্মম হত্যাযজ্ঞ চালালে সশস্ত্র প্রতিরোধ অনিবার্য হয়ে ওঠে। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে পড়ে সারাদেশে এবং কোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়।
ত্রিশ লাখ শহীদের আত্মদান ও অসংখ্য মানুষের ত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আজও জাতির গর্ব ও প্রেরণার উৎস। মহান স্বাধীনতার মাস মার্চ এলেই তাই বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং উচ্চারণ করে-আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।






