অপারেশন এপিক ফিউরি’তে নিহত খামেনির মেয়ে-জামাতা-নাতি

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার দাবি; খামেনির মৃত্যুর খবর নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা
টুইট ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। রোববার (১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, খামেনির পরিবারের ওই সদস্যদের মৃত্যু ঠিক কোথায় বা কীভাবে হয়েছে-সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-তে খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘মারা গেছেন’।
তবে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখনো বিভ্রান্তি ও ধোঁয়াশা বিরাজ করছে এবং স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।





