দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না

ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল।

টুইট প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যার যার দায়িত্ব, সে সেটাই পালন করবে। দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের নিজস্ব ব্যবস্থা রয়েছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না।

শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচয় ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা দুর্নীতিতে জড়াবে, তাদের দেখার জন্য দুদক রয়েছে। সরকার দুর্নীতির বিষয়ে কোনো আপস করবে না।
২০২৭ সালে মেডিকেল কলেজে ভর্তি শুরুর আশাবাদ।

তিনি জানান, ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উন্নয়ন ও নাগরিক সেবায় জোর: এলজিআরডি মন্ত্রী আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে , চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার করা হবে। নাগরিক সেবা আরও সহজ ও মানসম্মত করা হবে।
তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও পৌরসভার উন্নয়ন, কৃষিখাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিতের কথাও উল্লেখ করেন।

নারী উন্নয়ন ও ফ্যামিলি কার্ড: মন্ত্রী বলেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বিশেষভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান: উপদেষ্টাদের দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, অপ্রয়োজনীয় বিতর্কে সময় নষ্ট না করে আমাদের উচিত ভবিষ্যতের দিকে তাকানো—কীভাবে দেশকে সমৃদ্ধ করা যায় এবং গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা যায়, সেদিকে মনোযোগ দেওয়া।

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।