রংপুরে এমপিকে অবহেলার অভিযোগে ডিসিকে ঘিরে বিতর্ক

আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ: সরকারি কর্মসূচিতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুসরণ না করে জাতীয় সংসদ সদস্যকে অবহেলার অভিযোগ উঠেছে রংপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারকে প্রধান অতিথি করায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
অভিযোগ রয়েছে, প্রটোকল অনুযায়ী এমপির অবস্থান বিভাগীয় কমিশনারের উপরে হলেও অনুষ্ঠানে সেই নিয়ম মানা হয়নি। রংপুর-৩ আসনের এমপি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাকে প্রধান অতিথি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন মহল।
এমপি বেলাল বলেন, পদমর্যাদা জানা সত্ত্বেও তাকে অবমূল্যায়ন করা হয়েছে। তবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাননি বলে জানান তিনি।
রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান এ ঘটনাকে জনপ্রতিনিধির মর্যাদাহানির শামিল বলে মন্তব্য করেছেন। অন্যদিকে সুজন রংপুরের সভাপতি ফখরুল আলম বেনজু বলেন, প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা উচিত ছিল।
জেলা প্রশাসক এনামুল আহসান বলেন, অনুষ্ঠানটি আগে থেকেই নির্ধারিত ছিল এবং সমন্বয়গত ত্রুটি হয়ে থাকতে পারে। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামও ভবিষ্যতে এমপিদের মর্যাদা রক্ষার কথা জানান। এ ঘটনায় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।






