ধানখেতের পাশ থেকে মিলল নিহত ইলেকট্রিশিয়ানের বাইক

ধানখেতের পাশের বাগান থেকে উদ্ধার, হত্যার রহস্য উদ্ঘাটনে নতুন সূত্র পেল পুলিশ!
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় খুন হওয়া ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের (৪৮) ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনার কয়েকদিন পর মোটরসাইকেলটি উদ্ধার হওয়ায় তদন্তে নতুন অগ্রগতি এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ৫০০ গজ দূরে জিগারতল এলাকায় রংপুর–সৈয়দপুর মহাসড়কের পাশের একটি বাগান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে এক ধানচাষী নিজের জমি দেখতে গেলে ধানখেতের পাশের বাগানে একটি পরিত্যক্ত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলাম। দীর্ঘ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজারসংলগ্ন একটি আলুখেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মঞ্জুরুল ইসলাম উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা এবং ফরিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা মোটরসাইকেলটি মঞ্জুরুল ইসলামের বলে শনাক্ত করেছেন।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।






