সরকারের বয়স ১৫ দিন, লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে চলেছি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিলে উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা বিএনপি মহাসচিবের
টুইট ডেস্ক: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৫২, ৭১, ৯০ এবং ২৪-এর চেতনাকে ধারণ করে আমরা জাতি গঠনে এগিয়ে যাবো। দীর্ঘদিনের লড়াই-সংগ্রাম ও রক্তপাতের মধ্য দিয়ে আমরা একটি রাজনৈতিক সরকার পেয়েছি।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সরকারের বয়স মাত্র ১৫ দিন হলেও এরই মধ্যে নির্ধারিত লক্ষ্যের দিকে দ্রুত অগ্রগতি শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর ইতোমধ্যে কাজ শুরু করতে সংশ্লিষ্ট টিম জেলায় পৌঁছেছে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হবে।
তিনি আরও জানান, যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অচিরেই ইপিজেড নির্মাণ কাজ শুরু করা হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম চলমান রয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে একটি হিংসামুক্ত ও কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি।
ইএসডিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের সংসদ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






