ট্রেনের ধাক্কায় ট্রাক ছিটকে বাড়ির ওপর, দাদি-নাতি গুরুতর আ’হত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরে ট্রেনের ধাক্কায় একটি কাঠবোঝাই ট্রাক ছিটকে গিয়ে বসতবাড়ির ওপর পড়ে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা সম্পর্কে দাদি ও নাতি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। দুর্ঘটনার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটি লাইনের ওপর আটকে যায়। চালক অনেক চেষ্টা করেও ট্রাকটি সরাতে না পেরে চালক ও হেলপার নেমে যান।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ট্রাকটি ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়ে। এ সময় বাড়ির ভেতরে শুয়ে থাকা দাদি ও নাতি গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে কিছু দূরে গিয়ে ট্রেনটি থেমে যায়। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তাৎক্ষণিকভাবে জানানো যায়নি।





