ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

নরসিংদীর কিশোরী ধর্ষণ-হত্যা মামলা। অভিযুক্ত নূরার দ্রুত গ্রেফতারের আল্টিমেটাম। স্থানীয় বিএনপি নেতার সম্ভাব্য সংশ্লিষ্টতা

টুইট ডেস্ক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নূরা-কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে তিনি এই আল্টিমেটাম দেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

হাসনাত আব্দুল্লাহ স্থানীয় বিএনপি নেতাদেরও এ ঘটনায় দায়ী করেছেন। তিনি বলেন, নরসিংদীর মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান কিশোরীর পরিবারের কাছে ধর্ষকদের থেকে টাকা নিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং মেয়েটির পরিবারকে এলাকা ছাড়তে বলেন।

সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মাধবদীতে ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। বুধবার বিকালে মেয়েটিকে খালার কাছে পাঠানোর সময় নূরা তাকে তুলে নিয়ে যায় এবং বৃহস্পতিবার সরিষা ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

হাসনাত জানান, পুলিশ ইতোমধ্যে আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেফতার করেছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপি নেতাদের প্রশ্রয়ে সংঘটিত ধর্ষণ, অপহরণ ও হত্যার মতো জঘন্য অপরাধ কখন বন্ধ হবে, তা নির্ধারণ করা প্রয়োজন।