এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানকে সামনে রেখে উদযাপন। ইফতার মাহফিল ও প্রদর্শনীর আয়োজন।
টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে সামনে রেখে দলের পক্ষ থেকে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জুলাই বিপ্লবের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন। একই সঙ্গে এনসিপির গত এক বছরের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজনও করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতেও ইফতার মাহফিল আয়োজন করবে দলটি। সূচি অনুযায়ী ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এরপর ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে এনসিপির পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করা হবে।






