ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিন ইস্যুতে জরুরি আলোচনা।জেদ্দায় ওআইসি সচিবালয়ে বৈঠক। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন।
টুইট ডেস্ক: ফিলিস্তিন ইস্যুতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয়ে শুভেচ্ছা জানান অংশগ্রহণকারী নেতারা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের ধারা আরও জোরদার হবে। পাশাপাশি ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও সমর্থন জানান ওআইসি নেতারা।
উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।






