বিয়ের ছবি দিয়ে রাশমিকা লিখলেন, এ হলেন আমার জীবনসঙ্গী

উদয়পুরে ঘনিষ্ঠ আয়োজনে বিয়ে।ইনস্টাগ্রামে প্রকাশ পেল ছবি।ভালোবাসার অনুভূতি ভাগ করলেন রাশমিকা-বিজয়।

টুইট ডেস্ক: দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ পরিসরে একান্ত আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে নিজেদের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা জুটি। ছবি পোস্ট করে রাশমিকা ক্যাপশনে লেখেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এ হলেন আমার জীবনসঙ্গী, বিজয় দেবরাকোন্ডা।

কর্নাটকের এই জনপ্রিয় অভিনেত্রী আরও লেখেন, বিজয় তাকে সত্যিকারের ভালোবাসা, শান্তিতে থাকা এবং বড় স্বপ্ন দেখার সাহস শিখিয়েছেন। তিনি জানান, প্রতিনিয়ত বিজয় তাকে বিশ্বাস জুগিয়েছেন যে তিনি আরও বড় অর্জনের যোগ্য। পোস্টের শেষাংশে স্বামীকে উদ্দেশ করে রাশমিকা লেখেন, “আমি তোমার স্ত্রী হতে পেরে উচ্ছ্বসিত। এসো, একসঙ্গে আশীর্বাদপুষ্ট জীবন কাটাই।”

অন্যদিকে একই ছবি প্রকাশ করে বিজয় দেবরাকোন্ডাও নিজের অনুভূতি ব্যক্ত করেন। তিনি লেখেন, রাশমিকাকে পাশে না পেলে দিন অসম্পূর্ণ মনে হতো এবং জীবনের শান্তি ও ঘরের অনুভূতির জন্য তাকেই প্রয়োজন ছিল। তাই নিজের সবচেয়ে কাছের বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই দিনে কোডাভা সম্প্রদায়ের ঐতিহ্য অনুসারেও দ্বিতীয় দফা বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজয় দেবরাকোন্ডা তেলুগুভাষী অঞ্চল থেকে এবং রাশমিকা মান্দানা কর্নাটকের কোডাভা সম্প্রদায়ের সদস্য।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পাওয়া এই বিয়ের ছবি ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।