সমাজে মাদক থাকবে না-প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্টে অভিযানে পুলিশ

জেনেভা ক্যাম্পে চিরুনি অভিযান।মাদকসহ আটক কয়েকজন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা আইজিপির।
টুইট ডেস্ক: সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে দেশজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নবনিযুক্ত আইজিপি। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলের আড়ালে যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি আরও জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান ও মানসম্মত পোশাক নিশ্চিত করা হবে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্প এলাকায় চিরুনি অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডসহ দুই শতাধিক সদস্য অংশ নেন। ঘনবসতিপূর্ণ এলাকাটিতে কয়েকটি দলে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হয় এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
নবনিযুক্ত আইজিপি জানান, মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে ঈদের আগ পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






