বইমেলার দ্বিতীয় দিনে ‘শিশুপ্রহর’

ছুটির দিনে সকালেই খুলছে মেলার দুয়ার। শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন। সীমিত সময়ের মেলায় আশাবাদী প্রকাশকরা।
টুইট ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে খুলছে অমর একুশে বইমেলার দুয়ার। মেলার দ্বিতীয় দিনে বেলা ১টা পর্যন্ত থাকবে বিশেষ আয়োজন ‘শিশুপ্রহর’, যেখানে শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে মেলার পরিবেশ।
বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের আকর্ষণে অভিভাবকদের সঙ্গে আসা শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠবে বাঙালির প্রাণের এই উৎসব।
প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ অনুষ্ঠিত হবে। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।
বিভিন্ন সমীকরণ ও সময়সীমার কারণে এবারের বইমেলা মাত্র ১৮ দিনের জন্য আয়োজন করা হয়েছে। রমজান মাস ঘনিয়ে আসায় ক্রেতা উপস্থিতি ও বই বিক্রি নিয়ে শুরুতে শঙ্কায় ছিলেন প্রকাশকরা। এখনও ৪০ শতাংশের বেশি স্টলের কাজ পুরোপুরি শেষ হয়নি। তবে প্রথম দিনের বেচাকেনায় প্রকাশকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
অমর একুশে বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এবারের মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।






