পাকিস্তানের ‘গজব লিল হক’ অপারেশন ঘিরে উত্তেজনা

আফগান উত্তেজনায় পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সমর্থন! সামরিক অভিযানের পক্ষে সামাজিক মাধ্যমে প্রচারণা জোরদার, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা!
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানে ‘অপারেশন গজব লিল হক’ নামে একটি সামরিক অভিযানের সমর্থনে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও হ্যাশট্যাগে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যাচ্ছে দেশটির নাগরিক ও সমর্থকদের।
পোস্টগুলোতে “জাতি পাকিস্তান সেনাবাহিনীর পাশে রয়েছে” উল্লেখ করে অভিযানের প্রতি সমর্থন জানানো হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সামরিক গণসংযোগ বিভাগ Inter-Services Public Relations (আইএসপিআর)–এর নাম ব্যবহার করে বিভিন্ন বার্তা প্রচার করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সীমান্ত সংঘর্ষ, বিমান হামলা ও পাল্টা সামরিক অভিযানের ধারাবাহিকতায় তথ্যযুদ্ধ ও জনমত গঠনের অংশ হিসেবেই এ ধরনের প্রচারণা জোরদার হয়েছে। আফগানিস্তানে সাম্প্রতিক বিস্ফোরণ, কাবুলে নিরাপত্তা অস্থিরতা এবং সীমান্তে সংঘর্ষ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
তবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে ‘অপারেশন গজব লিল হক’ নামে পূর্ণাঙ্গ কোনো আনুষ্ঠানিক সামরিক অভিযান ঘোষণা করা হয়েছে কি না—সে বিষয়ে স্পষ্ট সরকারি বিবৃতি প্রকাশ হয়নি।






