মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ

ছবি: সংগৃহিত

১২ লাখ কৃষক সরাসরি উপকৃত, সুদসহ প্রায় ১,৫৫০ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্ত

টুইট প্রতিবেদক: বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, কৃষি, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এর লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং কৃষি খাতের ভিত্তি শক্তিশালী করা।

কত টাকা ও কতজন উপকৃত?

বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কৃষকদের সুদসহ মোট পাওনা রয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা (২৫ ফেব্রুয়ারি পর্যন্ত)। এই অর্থই মওকুফের আওতায় আসবে।

সরকারি হিসাব অনুযায়ী, এ সিদ্ধান্তে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। মন্ত্রিপরিষদ সচিব একে “যুগান্তকারী সিদ্ধান্ত” হিসেবে উল্লেখ করেন।

বাস্তবায়ন প্রক্রিয়া

অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। কৃষিঋণের পরিমাণ ও গ্রাহক তালিকা যাচাই করে ধাপে ধাপে মওকুফ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কৃষি খাতে তারল্য বাড়াতে এবং ক্ষুদ্র কৃষকদের ঋণের চাপ কমাতে এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ব্যাংকিং খাতে এর আর্থিক প্রভাব মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা প্রয়োজন হবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান এবং সেখানে একুশের পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন।

সরকারের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কৃষি ও গ্রামীণ অর্থনীতিকেন্দ্রিক আরও পদক্ষেপ নেওয়া হবে।