একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পেল একুশে পদক-২০২৬ ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন।
টুইট ডেস্ক: জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রাখায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন।
এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়। অভিনয় ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্যে মেরিনা তাবাসসুম নির্বাচিত হয়েছেন। সংগীতে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়েছে আইয়ুব বাচ্চুকে।
নৃত্যে অর্থি আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার এই সম্মানে ভূষিত হন। সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস একুশে পদক লাভ করেন। পাশাপাশি সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকেও একুশে পদকে ভূষিত করা হয়।
প্রসঙ্গত, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশের ভাষাসৈনিক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।






