দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

নিয়োগ প্রজ্ঞাপন জারি, চার বছরের জন্য দায়িত্ব। বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক যোগদান অর্থনীতি ও আর্থিক খাতে অভিজ্ঞ নেতৃত্ব

টুইট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রফতানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইসিএমএবি’র ফেলো সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

এদিকে, নতুন গভর্নরের নিয়োগের পর বাংলাদেশ ব্যাংকে পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে কিছু বদলি আনা হয়েছে। পাশাপাশি গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদেও পরিবর্তন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।