মোহাম্মদপুর-আদাবরে পুলিশের চিরুনি অভিযান, আটক ১০০

কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দমনে রাতভর অভিযান; রমজান ও ঈদ সামনে রেখে কড়াকড়ি নজরদারি!
টুইট ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দমনে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ পুলিশ। অভিযানে ১০০ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, চলমান অপরাধ দমনে লক্ষ্যভিত্তিক এ অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কোনো অপরাধী চক্র যাতে সুযোগ নিতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
অভিযানকালে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






