রাজশাহীতে বক্সার সাব্বির হ’ত্যা মামলার অভিযুক্ত জাসন আটক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরের শাহমখদুম থানার মিলপাড়া এলাকায় তরুণ বক্সার মো. সাব্বির (২১) হত্যার ঘটনায় অভিযুক্ত মো. জাসন (২৫) কে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

ওসি ফারুক হোসেন জানান, ছুরিকাঘাতের পর জাসন পালিয়ে গিয়েছিল। পরে চর এলাকা থেকে তাকে আটক করা হয় এবং থানায় আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি; হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিহত সাব্বির নগরের শাহমখদুম থানার পবা মিলপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহিন ইসলাম। একই এলাকার বাসিন্দা অভিযুক্ত জাসনের বাবার নাম আমিরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাসন মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রিকে কেন্দ্র করে জাসন ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধর করেন। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জাসন। এতে ঘটনাস্থলেই সাব্বিরের মৃত্যু হয়।

এদিকে সন্ধ্যা পর্যন্ত জাসন আটক না হওয়ায় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। সন্ধ্যা ৭টা থেকে প্রায় এক ঘণ্টা সপুরা টিটিসি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন, যা রাত ৮টা পর্যন্ত চলে।