প্রত্যন্ত গ্রামে জনতার দুয়ারে এমপি আজহারুল ইসলাম

ছবি: নিজস্ব

তারাগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উন্নয়ন ও জনসেবায় পাশে থাকার অঙ্গীকার। জনতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।

আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ (রংপুর): রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “আমি আপনাদের খাদেম হয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দোয়া করবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।”

বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, সাহাপাড়া, কামারপাড়া ও ইকরচালী বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।

এ সময় বিভিন্ন এলাকার সাধারণ মানুষ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।

নবনির্বাচিত এমপিকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।