টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না ভারত-পাকিস্তান সেমিফাইনাল

টুইট ডেস্ক: এশিয়া কাপে তিন তিনবার ভারত ও পাকিস্তানের দেখা হয়েছিল। তিনবারই দাপট দেখিয়ে ভারতীয়রা জিতেছে এবং ফাইনালেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় মেন ইন ব্লুরা। চলতি বিশ্বকাপেও গ্রুপ পর্বে হয়েছিল ইন্দো-পাক যুদ্ধ। ভক্ত-সমর্থকরা তাদের আরেকটি ম্যাচ দেখার আশা করছিল, কিন্তু তাতে পানি ঢেলে দিয়েছে ইংল্যান্ড।

ভারত ও পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না এক যুগেরও বেশি সময় ধরে। বাণিজ্যিক লাভের আশায় বৈশ্বিক ইভেন্টে দুই দলের মধ্যে সূচি নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায় ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বের মুখোমুখি হয়েছিল। যদিও ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত তারা ইউটার্ন নিয়ে খেলেছে।

ধারণা করা হচ্ছিল, ভারত ও পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হবে। কিন্তু ইংল্যান্ড পাকিস্তানকে হারানোর কারণে শেষ চারে দুই দলের দেখার হওয়ার কোনো সুযোগ নেই। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, সুপার এইটের এক নম্বর গ্রুপের বিজয়ী প্রথম সেমিফাইনালে খেলবে আরেক গ্রুপের রানার্সআপের সঙ্গে। আর গ্রুপ ২ এর বিজয়ীর সঙ্গে দ্বিতীয় সেমিফাইনাল হবে আরেক গ্রুপের রানার্সআপের।

ইংল্যান্ড দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে বর্তমানে ২ নম্বর গ্রুপের শীর্ষে। সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। পাকিস্তান তিন ম্যাচ খেলে বৃষ্টির কারণে মাত্র এক পয়েন্ট নিয়ে তিনে। তাদের হাতে আর এক ম্যাচ বাকি। জিতলেও তিন পয়েন্টের বেশি পাবে না, থাকতে হবে পয়েন্ট টেবিলের দুইয়ে, মানে গ্রুপের রানার্সআপ হবে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এক নম্বর গ্রুপের তৃতীয় স্থানে ভারত। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ জিতে তাদের উপরে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। আর সেমিফাইনালে উঠলেও তাদের ঋণাত্মক নেট রান রেট (-৩.৮০০) বড় প্রভাব ফেলবে। তাদের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব। তাতে করে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালের সম্ভাবনা উড়িয়ে দিতে হচ্ছে।

হ্যাঁ, চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের দেখা হলেও হতে পারে সেটা ফাইনালে। আপাতত দুই দলের ভাবনায় সেমিফাইনাল ছাড়া আর কিছু নয়।