ট্রাম্পের ভাষণে আমন্ত্রণ প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্রের নারী আইস হকি দল

স্টেট অব দ্য ইউনিয়নে না যাওয়ার সিদ্ধান্ত; পূর্বনির্ধারিত কর্মসূচির কথা জানাল ইউএসএ হকি!

আন্তর্জাতিক ডেস্ক: অলিম্পিকে স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের নারী আইস হকি দল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে উপস্থিত থাকার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তারা অনুষ্ঠানে অংশ নিতে পারবে না।

বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প কংগ্রেসে তার বার্ষিক ভাষণের আগে পুরুষ আইস হকি দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। সম্প্রতি ইতালির মিলান ও কোর্তিনা দ’আম্পেৎসোতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে নারী দল কানাডাকে ২-১ গোলে হারিয়ে স্বর্ণ জেতে। পুরুষ দলও ৪৬ বছর পর কানাডাকে একই ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক অর্জন করে।

একটি ভিডিওতে দেখা যায়, পুরুষ দলকে আমন্ত্রণ জানাতে গিয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, নারী দলকে আমন্ত্রণ না জানালে তিনি ‘অভিশংসিত’ হতে পারেন।

তবে ইউএসএ হকি এক বিবৃতিতে জানায়, “স্বর্ণজয়ী নারী দলের প্রতি আমন্ত্রণ ও স্বীকৃতির জন্য আমরা কৃতজ্ঞ; কিন্তু পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে তারা অনুষ্ঠানে অংশ নিতে পারছে না।”

এ ঘটনা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।