বিকাশ-নগদে প্রতারণা: রাজশাহীতে ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আত্মীয়-স্বজন অসুস্থ- এমন ভুয়া গল্প বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা ২১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গ্রেপ্তাররা হলেন- ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মহসীন আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)।
সিআইডি জানায়, ভিক্ষুকদের খাদ্যসামগ্রী বিতরণের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সিমকার্ড সংগ্রহ করত চক্রটি। পরে এসব সিম দিয়ে নগদ, বিকাশ ও রকেট অ্যাকাউন্ট খোলা হতো। ভিক্ষুকদের ১০০ থেকে ২০০ টাকা দিয়ে পিনকোডসহ সিমকার্ড নিজেদের দখলে নিত প্রতারকরা।
এরপর ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন দিয়ে আত্মীয়-স্বজন অসুস্থ বলে চিকিৎসার খরচের কথা জানিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে প্রলুব্ধ করা হতো। এভাবে দীর্ঘদিন ধরে তারা প্রতারণা করে আসছিল।
চাঁপাইনবাবগঞ্জ সিআইডির পরিদর্শক মো. রেজাউল করিম জানান, গত তিন থেকে চার বছর ধরে তারা এই পদ্ধতিতে প্রতারণা চালিয়ে আসছিল। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় দায়ের হওয়া একটি আত্মসাৎ মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও আটটি সিমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে চক্রটির আরও সদস্য ও প্রতারণার বিস্তৃত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে সিআইডি।






