তারাগঞ্জে স্কুলের পতাকা স্ট্যান্ডে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা: শহীদ মিনার নির্মাণের দাবী

তারাগঞ্জের শহীদ মিনার বিহীন বিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ইকরচালী উচ্চ বিদ্যালয়–এ স্থায়ী শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক দিবসে পতাকা স্ট্যান্ডে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা আবারও পতাকা স্ট্যান্ডে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ মোনওয়ারুল ইসলাম (সাবু) জানান, ২০২০ সালে বিদ্যালয়ের শহীদ মিনারটি ভেঙে যায়। এরপর নতুন শহীদ মিনার নির্মাণের মতো অর্থ বিদ্যালয়ের তহবিলে না থাকায় এটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে যাতে শিক্ষার্থীরা যথাযথভাবে শহীদদের স্মরণ করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন বলেন, “আমি এখানে যোগদানের মাত্র তিন মাস হয়েছে। বিষয়টি জেনেছি এবং গুরুত্বসহকারে দেখা হবে। বিদ্যালয়ের শহীদ মিনার পুন-নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নতুন শহীদ মিনার নির্মাণ হলে তারা প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে পারবে।






