মুক্তিপণের দাবিতে আফফানকে অপহরণ: প্রধানমন্ত্রীর তৎপরতায় উদ্ধার

খিলগাঁওয়ের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার, অপহরণকারীদের খোঁজ চলছে।
টুইট ডেস্ক: রাজধানীর খিলগাঁও এলাকায় তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সাঈদের ছেলেকে স্কুল থেকে ফেরার পথে অপহরণ করা হয়। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আফফানকে নিরাপদে উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে খিলগাঁওয়ের জোরপুকুরপাড়ের একটি নির্মাণাধীন ভবন থেকে আফফানকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আফফান সাঈদ রাজধানীর আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।
উদ্ধারকৃত শিক্ষার্থী আফফান জানিয়েছেন, স্কুল থেকে ফেরার পথে পাঁচ থেকে ছয়জন দুষ্কৃতিকারী তাকে আটক করে পাশের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। যদিও সে উদ্ধার হয়েছে, তবে এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি।
রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন, অভিযানে আফফানকে নিরাপদে উদ্ধার করা গেলেও অপহরণকারীদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এত দ্রুত তৎপরতা নেওয়ার জন্য। এ ঘটনায় প্রাথমিকভাবে জানা গেছে, রবিবার দুপুর ১২টায় খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় আফফানকে অপহরণ করা হয় এবং অপহরণকারীরা ফোনে মুক্তিপণ দাবি করে।
প্রধানমন্ত্রীর নির্দেশেই রমনা জোনের ডিসি মাসুদ আলম আফফানের উদ্ধার অভিযানের দায়িত্ব পান। পরবর্তীতে চামেলীবাগ এলাকায় ১৬ নং নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে আফফানকে উদ্ধার করা হয়।






