থানচিতে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে বিজিবির ইফতার বিতরণ

বলিপাড়া জোনের উদ্যোগে শতাধিক এতিম শিক্ষার্থী উপকৃত
অসীম রায় (অশ্বিনী): পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)। উপজেলার টিএন্ডটি পাড়া এলাকায় অবস্থিত মা-আরিফুল কুরআন হাফেজিয়া নূরানী এতিমখানায় গরীব, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী সরাসরি উপকৃত হয়েছে।
বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেন। বিতরণ শেষে তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং সামাজিক সহায়তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বলিপাড়া জোন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
স্থানীয় সূত্র জানায়, পার্বত্য এলাকার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য নিয়মিত সহায়তা অত্যন্ত জরুরি। বিশেষ করে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ তাদের জন্য বড় স্বস্তি বয়ে আনে। বিজিবির এই উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে এতিমখানার সভাপতি, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবির এই ভূমিকা স্থানীয় জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক আরও জোরদার করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






