বান্দরবানে ২৯ একর পপিক্ষেত ধ্বংস করলো যৌথ বাহিনী

দুর্গম পাহাড়ে চিরুনি অভিযান, প্রায় ১১ কোটি টাকার মাদক নস্যাৎ।
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৯ একর জুড়ে বিস্তৃত পপিক্ষেত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব পপি থেকে প্রক্রিয়াজাতের মাধ্যমে প্রায় ১ হাজার ৪৫০ কেজি আফিম উৎপাদনের সম্ভাবনা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে থানচি ৩১ বীর বিজিবি ও সেনাবাহিনীর আলীকদম জোনের একটি সমন্বিত টহল দল উপজেলার ১২টি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে অবৈধ পপিক্ষেত উপড়ে ফেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ডিমপাহাড় ও সাঙ্গু নদীর মধ্যবর্তী দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে পপি চাষ হয়ে আসছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই অঞ্চলের আরও প্রায় ১০০ একরের বেশি জমিতে পপি চাষের সন্ধান পাওয়া গেছে। সেসব এলাকাতেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।
যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকার সুযোগ নিয়ে একটি চক্র স্থানীয়দের পপি চাষে উদ্বুদ্ধ করছে। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।







