বান্দরবানে ইউপিডিএফ নামে চাঁদাবাজি: থানায় যুবকের আত্মহত্যার চেষ্টা

বান্দরবানে ইউপিডিএফের নাম ভাঙিয়ে চাঁদাবাজি: অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদরে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে মোঃ আরাফাত (ওরফে মালেক) নামের এক যুবককে আটক করা হয়েছে। বান্দরবানের নেসলে কোম্পানির এক ডেলিভারিম্যানের কাছে তিনি ২০,০০০ টাকা চাঁদা দাবি করেন।

ঘটনার পর ভুক্তভোগী মোঃ তারেক ইসলাম ও তার সহযোগীরা নিরাপত্তার কারণে বান্দরবান বাজার ত্যাগ করে রেইচা আর্মি চেকপোস্টে অভিযোগ জানান। রাত ১১টার দিকে অভিযুক্ত আরাফাত চেকপোস্টে আটক করা হয় এবং তার কাছ থেকে ১টি বাটন ফোন, ১টি অ্যান্ড্রয়েড ফোন ও ১টি মাহিন্দ্রা গাড়ি (নম্বর: B.L 76) জব্দ করা হয়।

অভিযুক্তকে বান্দরবান সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়াকালে রাত ১২:০৫ ঘটিকার দিকে সে কৌশলে রুমের দরজা বন্ধ করে জানালার পর্দা ব্যবহার করে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। দ্রুত সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দরজা ভেঙে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বাঙালি হলেও পাহাড়ি সশস্ত্র সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করছিল। বান্দরবান সদর থানায় এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকায় চাঁদাবাজি একটি বড় সমস্যা, এবং ইউপিডিএফের মতো সশস্ত্র সংগঠনগুলো এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে মনে করা হয়।