পুকুর খনন বন্ধে নির্দেশনা দিলেন এমপি নজরুল ইসলাম

ছবি: সংগৃহিত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ রাজশাহী-৫ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী): রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল দুর্গাপুর উপজেলার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে উপজেলা প্রশাসনের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় ধন্যবাদ জানান। তিনি বলেন, “আজকের এই সম্মান শুধু আমাদের না, পুঠিয়া-দুর্গাপুর উপজেলাবাসীর। আগামীতে এই সম্মান ধরে রাখতে হলে জনপ্রতিনিধিরা আরও সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করবে।”

তিনি আরও বলেন, দুর্গাপুর উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি উচ্ছেদে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি, তিনি পুকুর খনন বন্ধে প্রশাসনকে দিকনির্দেশনা প্রদান করেন এবং এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য অতিথির মধ্যে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহম্মেদ, সাব-রেজিস্টার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা মৎস্য অফিসার মোহাঃ বাবুল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি কর্মকর্তারা।

এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সভায় সংসদ সদস্য বলেন, জনগণের সুরক্ষা ও শান্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করবে।