মেক্সিকোয় প্রতিশোধমূলক সহিংসতা: ২৫ ন্যাশনাল গার্ড নিহত

এল মেনচোর মৃত্যুর পর জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রতিশোধমূলক হামলায় দেশজুড়ে অস্থিরতা
টুইট প্রতিবেদক: মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস ওরফে ‘এল মেনচো’-এর মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। ২২ ফেব্রুয়ারি জালিস্কো রাজ্যের তাপালপা শহরের কাছে মেক্সিকান সেনাবাহিনীর বিশেষ অভিযানে গুলিবিদ্ধ হওয়ার পরে মেক্সিকো সিটিতে স্থানান্তরের সময় এল মেনচো মৃত্যু হয়।
সেনাবাহিনী ও নিরাপত্তা সূত্র জানায়, তার মৃত্যুর পর CJNG কার্টেলের সমর্থকরা অন্তত ২০টি অঙ্গরাজ্যে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। মেক্সিকান নিরাপত্তা মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুসারে মোট ৭০–৭৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ২৫ জন ন্যাশনাল গার্ড, প্রায় ৩০–৩৪ জন কার্টেল সদস্য, নিরাপত্তা কর্মী এবং অন্তত একজন বেসামরিক নাগরিক অন্তর্ভুক্ত। অভিযানে এল মেনচোসহ তার ৬–৮ জন দেহরক্ষী নিহত হয়েছে, এবং সেনাবাহিনীর কয়েকজন আহত হয়েছেন।
মার্কিন গোয়েন্দা সহায়তায় বিশেষ বাহিনী এল মেনচোর গোপন আস্তানায় অভিযান চালায়। তাপালপায় তার প্রেমিকার সঙ্গে সাক্ষাতের সময় অভিযান পরিচালিত হয়। গোলাগুলিতে গুরুতর আহত হওয়ার পরে মেক্সিকো সিটিতে স্থানান্তরের সময় তার মৃত্যু হয়।
সরকারি পদক্ষেপ হিসেবে, জালিস্কো ও পশ্চিমাঞ্চলে অতিরিক্ত ২,৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। সারাদেশে মোট ৯,০০০–১০,০০০ সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সতর্কতা অব্যাহত রয়েছে। পুয়ের্তো ভ্যালার্তা, গুয়াদালাজারা প্রভৃতি পর্যটন এলাকায় ফ্লাইট বাতিল, স্কুল বন্ধ এবং পর্যটকরা আটকা পড়েছেন।
নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস, বা ‘এল মেনচো’, ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রতিষ্ঠাতা ও নেতা। তিনি ফেন্টানিল, মেথামফেটামিন, হিরোইন ও কোকেন চোরাচালান, চাঁদাবাজি, অপহরণ ও জ্বালানি চুরিতে জড়িত ছিলেন। CJNG-এর নেতৃত্বে তিনি মেক্সিকোর সবচেয়ে হিংসাত্মক ও প্রভাবশালী কার্টেল গঠনে সক্ষম হয়েছিলেন।
তার মৃত্যুর পর, সমর্থকদের প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ক্ষতি, পর্যটন ও বিমান চলাচলে ব্যাঘাত, এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, CJNG-এর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ও সহিংসতা আরও বাড়তে পারে।
এল মেনচোর উত্থান ও পতন মেক্সিকোর মাদক যুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নেতৃত্বে CJNG যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সংকটের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছিল।







