তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত: ১৬ মামলায় জরিমানা

রমজান উপলক্ষে বাজার মনিটরিং, মূল্যতালিকা না টানানো ও সনদ ছাড়া গরু জবাইয়ে দণ্ড।

আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলায় রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ১৬ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।

অভিযান চলাকালে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের সনদ ছাড়া গরু জবাই করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। দুই আইনে মোট ১৬টি মামলায় সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বাজার তদারকি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন থানা পুলিশের সদস্যরা।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।