তারাগঞ্জ বাজারে ডাস্টবিন উপচে পড়ছে ময়লা, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

গরুহাটি সংলগ্ন হাট এলাকায় দুর্গন্ধ ও আবর্জনার কারণে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের ভোগান্তি বাড়ছে!
আব্দুল্লাহিল শাহীন: রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাজারের একটি ডাস্টবিন উপচে পড়ে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় সয়লাব হয়ে আছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন বাজারের ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা।
তারাগঞ্জ বাজারের গরুহাটি সংলগ্ন হাট ইজারাদার অফিসের পাশের ডাস্টবিনটি ভর্তি হয়ে উপচে পড়ছে। সেখান থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হয়ে উঠেছে। বিশেষ করে সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার হাটবারে গরু-ছাগলের কেনাবেচার সময় এই স্থানে মানুষের ব্যাপক সমাগম ঘটে। ডাস্টবিনটি গরুহাটির ঠিক পাশেই থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাস্টবিনটি পরিষ্কার করা হয়নি। ফলে দুর্গন্ধে নাক-মুখ চেপে বেচাকেনা করতে হচ্ছে ব্যবসায়ীদের। রাস্তার পাশেই ডাস্টবিন থাকায় সাধারণ পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ, এমনকি স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও এই সড়ক ব্যবহার করেন।
তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, “ডাস্টবিনটি বছরের বেশিরভাগ সময়ই অপরিষ্কার থাকে। কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয় না। আমরা বাধ্য হয়ে নাক-মুখ চেপে চলাফেরা করি।”
তারাগঞ্জ ও/এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-এর ছাত্র মিজানুর রহমান জানায়, “এই রাস্তা দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। দুর্গন্ধে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।”
বাজারে বাঁশ কিনতে আসা ঘনিরামপুর গ্রামের রোকন বলেন, “ডাস্টবিনটির যেন দেখভাল করার কেউ নেই। অনেক দিন ধরে এটি ময়লায় ভর্তি হয়ে আছে, পরিষ্কারের কোনো উদ্যোগ নেই।”
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ডাস্টবিনটি দ্রুত পরিষ্কারের জন্য হাট ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত ডাস্টবিন পরিষ্কার ও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাজার এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।






