বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

রমজানের চেতনায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান!

অসীম রায় (অশ্বিনী): পবিত্র মাহে রমজান উপলক্ষে এপেক্স বাংলাদেশ-এর আওতাধীন বিভিন্ন ক্লাবের উদ্যোগে বান্দরবান-এ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির মাধ্যমে রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু, এপেক্স ক্লাব অব নীলাচল ও এপেক্স ক্লাব অব Green City-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, রমজানের চেতনা ধারণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি-৩ এপে. কামাল পাশা, এপে. মোজাম্মেল হক, এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সিনিয়র সহ-সভাপতি এপে. মোহাম্মদ আলী, এপে. অংমে প্রু, এপে. ইকবাল, এপে. হারুন এবং এপেক্স ক্লাব অব নীলাচলের অতীত সভাপতি উখিং মে হিলি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, রমজান আমাদের আত্মসংযম, আত্মত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, এপেক্স বাংলাদেশ সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, এদিন বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এপেক্স সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সমাজের সচ্ছল ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।