নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪

ছবি: সংগৃহিত

দীর্ঘদিনের বিরোধের জের ধরে ভোরে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন।

টুইট ডেস্ক: নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) এবং একই গ্রামের ওসিকুর ফকির (ওরফে ওসি)। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিঙ্গাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ সক্রিয়। এক গ্রুপের নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা (খায়ের মোল্যা) এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ। ভোরে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে গুলিবর্ষণ শুরু হয়, পরে ধারালো অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে উত্তেজনা বৃদ্ধি পায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি পক্ষের হামলায় খলিল শেখ, তাহাজ্জুদ ও ফেরদৌসকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।”

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিনের বিরোধের জের ধরে এমন সংঘাতের আশঙ্কা ছিল। পুলিশ বলেছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।