চাঁদাবাজি ও অপরাধ প্রতিরোধে মাঠ পর্যায়ের পুলিশের কঠোর বার্তা

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মাঠ পর্যায়ের তৎপরতা জোরদার।
টুইট ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আইজিপি বলেন, “যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধে জড়ালে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে আয়োজিত ভার্চুয়াল সভায় দেশের সব পুলিশ ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে তিনি এই নির্দেশনা দেন।
আইজিপি বাহারুল আলম আরও স্পষ্ট করে বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে ছাড় না দিয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। সভায় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।






