রোজার সময় মেনে সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

নির্ধারিত অফিস সময় অনুসরণে কঠোর বার্তা; সময়মতো উপস্থিত থাকতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মৌখিক নির্দেশ।

টুইট ডেস্ক: পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা। সেই সময়সূচি মেনেই রোববার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

হঠাৎ এত সকালে তাঁকে অফিসে দেখে অনেক কর্মকর্তা-কর্মচারীই বিস্মিত ও অভিভূত হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুলশানের বাসা থেকে রওনা হয়ে ঠিক সময়েই সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। অফিসে এসে তিনি খোঁজ নেন কোন কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত হয়েছেন।

রুমন আরও জানান, এক সাংবাদিক সকাল ৯টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন—‘প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষা করছি’। কিন্তু প্রধানমন্ত্রী যে ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন, সেটি তিনি জানতেন না।

সচিবালয় সূত্রে জানা গেছে, সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের মৌখিক নির্দেশনা দিয়েছেন, যাতে রমজান মাসে নির্ধারিত সময় মেনে সবাই অফিসে উপস্থিত থাকেন।

রমজানে কর্মঘণ্টা কমলেও শৃঙ্খলা ও দায়িত্ব পালনে কোনো ছাড় নয়—প্রধানমন্ত্রীর এই বার্তাই এখন সচিবালয়ে আলোচনার কেন্দ্রবিন্দু।